চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৩১৫ কার্টন সিগারেটসহ যাত্রী আটক”

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ | ৮:৫১ অপরাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৩১৫ কার্টন সিগারেটসহ যাত্রী আটক”
apps

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ৩১৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। গতকাল রাতে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে আসা মো. রাকিবুল ইসলাম নামের ওই যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব সিগারেট উদ্ধার করা হয়। আটক রাকিবুল নওগাঁ জেলার রানীনগর এলাকার বাসিন্দা।

​বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় রাকিবুলের সন্দেহভাজন লাগেজ খুলে ৩১৫ কার্টন সিগারেট পাওয়া যায়। জব্দকৃত এই চালানের বিপরীতে আনুমানিক ৬ লাখ ৩০ হাজার টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

​শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে এবং রাজস্ব ফাঁকি রোধে আমাদের নজরদারি কঠোর করা হয়েছে। জব্দকৃত সিগারেটগুলো বর্তমানে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।”

​বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, আটক যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের চোরাচালান বিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Development by: webnewsdesign.com