চট্টগ্রামের মিরসরাই শিল্পনগরে (ইকোনমিক জোন) কাজ শেষে ফেরার পথে বিজয় হোসেন (২৭) নামে এক প্রকৌশলীকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণকারীরা তাঁর পরিবারের কাছ থেকে কয়েক দফায় মুক্তিপণ আদায় করলেও শেষ পর্যন্ত পুলিশের অভিযানে শুক্রবার ভোরে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
ভুক্তভোগী বিজয় হোসেন নরসিংদী সদর থানার দড়িনবীপুর গ্রামের মো. ইসমাইল মিয়ার ছেলে। তিনি শিল্পনগরের ‘সামুদা কনস্ট্রাকশন লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠানে উৎপাদন কর্মকর্তা হিসেবে কর্মরত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কর্মস্থল থেকে বের হয়ে বাসায় ফেরার পথে দুই মুখোশধারী দুর্বৃত্ত তাঁকে গতিরোধ করে। পরে তাঁকে জোরপূর্বক পাশের একটি জঙ্গলে নিয়ে হাত-পা বেঁধে ফেলা হয়। সেখানে আগে থেকেই আরও একজন ওত পেতে ছিল।
অপহরণকারীরা বিজয়ের মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার পর তাঁর হাত-পা বাঁধা ছবি পরিবারের কাছে পাঠিয়ে বড় অংকের মুক্তিপণ দাবি করে। প্রাণ বাঁচাতে বিজয়ের পরিবার বিকাশের মাধ্যমে কয়েক দফায় মুক্তিপণের টাকা পাঠালেও অপহরণকারীরা তাঁকে মুক্তি দেয়নি।
ঘটনার গুরুত্ব বুঝে বিজয়ের পরিবার নরসিংদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করলে মিরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা বারবার স্থান পরিবর্তন করতে থাকে। অবশেষে আজ শুক্রবার ভোরে শিল্পনগরের একটি বিদেশি প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনে বিজয়কে আহত অবস্থায় ফেলে পালিয়ে যায় তারা।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, খবর পাওয়ার পর থেকেই পুলিশ উদ্ধারে তৎপর ছিল। পুলিশের সাঁড়াশি অভিযানের কারণেই অপহরণকারীরা ভুক্তভোগীকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তবে এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
মিরসরাই ইকোনমিক জোনের দায়িত্বে থাকা শিল্প পুলিশের পরিদর্শক শওকত হোসেন বলেন, “অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। শিল্পনগরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।”
উদ্ধারের পর আহত প্রকৌশলীকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে নিজ বাড়িতে অবস্থান করছেন।
Development by: webnewsdesign.com