চট্টগ্রামে হামের প্রাদুর্ভাব ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪ জন।
সোমবার (৬ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন করে শনাক্ত হওয়া ৪ জনের মধ্যে ২ জন চট্টগ্রাম মহানগরীর এবং বাকি ২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১৪ জনের সবাই মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই শিশু বলে জানা গেছে।
চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, হাম পরিস্থিতি পর্যবেক্ষণে নমুনা সংগ্রহ জোরদার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরি (NPML) এবং ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (IPH) ল্যাবে পাঠানো হয়েছে। এ পর্যন্ত সর্বমোট ২৫১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যার মধ্যে নগরীর ১৪৫ জন এবং জেলার বিভিন্ন উপজেলার ১০৬ জন রয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা না নেওয়া এবং সচেতনতার অভাবে এর বিস্তার ঘটতে পারে। সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। শিশুদের শরীরে জ্বর ও র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তিনি।
Development by: webnewsdesign.com