চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এলাকায় এক সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একটি বাস জব্দ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। অভিযানে ৮ কেজি হেরোইন ও ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানা এলাকায় মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিএমপি জানায়, এই অভিযানের বিস্তারিত জানাতে আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় দামপাড়া পুলিশ লাইনসস্থ সিএমপি কমিশনার কার্যালয়ের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। ব্রিফিংয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ অভিযানের বিস্তারিত তুলে ধরবেন।
নগরীতে মাদকের বিস্তার রোধে সিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
Development by: webnewsdesign.com