নীল জলরাশি আর প্রবালের রাজ্য সেন্টমার্টিন ফের মুখরিত হতে যাচ্ছে ভ্রমণপিপাসুদের পদচারণায়। চার দিনের দীর্ঘ প্রতীক্ষা আর অনুমোদন সংক্রান্ত অনিশ্চয়তা কাটিয়ে প্রবালদ্বীপে অবশেষে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে ছিল পর্যটকদের উৎসবমুখর আবহ। সকাল ৭টা ৫০ মিনিটে ৮৩৬ জন পর্যটক নিয়ে নীল সাগরের বুকে ভেসে পড়ে ‘এমভি বারো আউলিয়া’। জাহাজ ছাড়ার সাথে সাথেই পর্যটকদের আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে বাঁকখালীর মোহনা।
নির্ধারিত সময় ১ নভেম্বর থাকলেও পরিবেশ রক্ষা ও সরকারি ছাড়পত্রের বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষ করতেই পার হয়ে যায় চারটি দিন। তবে সব বাধা পেরিয়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত অনুমতি মেলায় স্বস্তি ফিরে এসেছে ভ্রমণপ্রেমী ও স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের মাঝে।
স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, “মৌসুমের প্রথম দিনে সাড়াও মিলেছে চমৎকার। আপাতত একটি জাহাজ দিয়ে যাত্রা শুরু হলেও খুব দ্রুতই অনুমোদিত বাকি দুটি জাহাজও নিয়মিত রুটে যুক্ত হবে।”
শীতের আগমনে সাগরের শান্ত রূপ আর সেন্টমার্টিনের নারকেল বীথির সবুজ ছায়া উপভোগ করতে মুখিয়ে থাকা পর্যটকদের জন্য এই যাত্রা যেন নতুন এক প্রাণোচ্ছ্বাস নিয়ে এসেছে।

মন্তব্য করুন