মশার উপদ্রবে অতিষ্ঠ সিলেট নগরবাসী। মশাবাহিত রোগ ডেঙ্গুর ঝুঁকি ও মশার অসহনীয় যন্ত্রণা থেকে নগরবাসীকে মুক্তির দাবিতে রাস্তায় মশারি টানিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে বেলা সাড়ে ১১টায় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জিন্দাবাজার ও ঐতিহাসিক কোর্ট পয়েন্ট হয়ে সিটি পয়েন্ট পর্যন্ত মশারি টাঙিয়ে প্রতীকী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মশার উপদ্রব নিয়ন্ত্রণ এবং নগরীর জনদুর্ভোগ নিরসনের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, একদিকে ডেঙ্গুর প্রাদুর্ভাব, অন্যদিকে মশার অসহনীয় যন্ত্রণায় নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি মহানগরীর ফুটপাত ও সড়ক অবৈধ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে থাকায় পথচারীদের চলাচলে দুর্ভোগ বাড়ছে।
বক্তারা আরও বলেন, শুধু লোকদেখানো উচ্ছেদ অভিযান পরিচালনা করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে হবে।
এ সময় মশা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসনের মাধ্যমে নগরীর ফুটপাত ও সড়ক চলাচলের উপযোগী করতে সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।
বার্তা প্রেরক:
আবু মুসা সরকার
সিলেট প্রতিনিধি

মন্তব্য করুন