​সামাজিক যোগাযোগমাধ্যমে কখনও বিশেষজ্ঞ চিকিৎসকের বেশে, আবার কখনও ধর্মীয় বক্তার সাবলীল ভঙ্গিতে চটকদার ভিডিও প্রচার করে ভোক্তাদের আকৃষ্ট করত প্রতিষ্ঠানটি। সেই প্রচারণার আড়ালে দীর্ঘদিন ধরে নকল শিশুখাদ্য, মেয়াদোত্তীর্ণ প্রসাধনী এবং খাবারে ব্যবহারের জন্য ক্ষতিকর শিল্পকারখানার রং বিক্রি করে আসছিল চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের ‘মেসার্স ফজল দিন ইকবাল দিন’ নামের প্রতিষ্ঠানটি। অনলাইনে ‘ইকবাল স্টোর’ নামে পরিচিত এই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
​গত সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে। অভিযানে নকল ডানো ক্রিম দুধ, নিষিদ্ধ কাশ্মীরি মরিচ, শিল্পকারখানার রং এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত বিদেশি প্রসাধনসামগ্রী জব্দ করা হয়।
​অভিযান সূত্রে জানা যায়, বিদেশি প্রসাধনসামগ্রীর মোড়কে আমদানিকারক প্রতিষ্ঠানের কোনো তথ্য ছিল না। এমনকি এসব পণ্যের ক্রয়-বিক্রয়ের বৈধ ভাউচারও দেখাতে পারেনি প্রতিষ্ঠানটির লোকজন।
​ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।
​অভিযান শেষে উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, “যথাযথ ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত প্রসাধনী, নকল খাদ্যপণ্য এবং খাদ্যে ব্যবহারের অযোগ্য শিল্পকারখানার রং বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। এসব পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।” নিরাপদ খাদ্য ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
​অভিযান চলাকালে প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ নাঈম ইকবাল দোকানে উপস্থিত ছিলেন না। ‘ইকবাল স্টোর’ ফেসবুক পেজের মাধ্যমে দেশ-বিদেশে বেশ পরিচিত মুখ তিনি। যদিও ওই পেজে ১৯৪৬ সাল থেকে আস্থা, বিশ্বাস ও মানসম্মত পণ্য সরবরাহের দাবি করা হয়েছে, বাস্তবে অভিযানে উঠে এসেছে ভিন্ন চিত্র।