হবিগঞ্জের মাধবপুরে সাতটি জটিল রোগে আক্রান্ত ৩২ জন রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২৪-নভেম্বর)২০২৬ দুপুর আড়াইটায় উপজেলা পরিষদের সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে আনুষ্ঠানিক ভাবে সহায়তার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের হাতে চেক তুলে দেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদ্‌রোগ, থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ায় আক্রান্ত ৩২ জন রোগীর প্রত্যেককে এক লাখ টাকা করে মোট ৩২ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুবেল মণ্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, মাধবপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমান এবং মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলমগীর কবির প্রমুখ।