চট্টগ্রাম নগরের নাছিরাবাদ এলাকার নিজ বাসা থেকে কান্তা শর্মা নামে এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ ঘটনা ঘটে।
​নিহত কান্তা শর্মা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাতকানিয়ার আমিলাইশ কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক হরেরাম শর্মার মেয়ে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার নাছিরাবাদের বাসায় কান্তা শর্মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
​খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।