দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবাস, ১৭ বছরের নির্বাসন ও রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন। জীবনের ৬২তম বছরে পা রাখা তারেক রহমানের ঝুলিতে এবার রাজনৈতিক সাফল্যের বড় অর্জন। কিন্তু জন্মদিনের এই প্রাপ্তির মুহূর্তে সবচেয়ে বড় অনুপস্থিতি মমতাময়ী মা খালেদা জিয়া। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিন, অথচ পাশে নেই সেই মা, যাকে হারানোর শোক এখনো তার জীবনের গভীরতম ক্ষত।

আজ ২০ নভেম্বর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন। ৬১ বছরের জীবন পেরিয়ে নতুন বছরে পা রাখছেন তিনি এমন এক সময়ে, যখন রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলা তাকে দেশের সর্বোচ্চ নির্বাহী দায়িত্বে পৌঁছে দিয়েছে। কিন্তু ক্ষমতা, সাফল্য ও রাজনৈতিক প্রাপ্তির এই অধ্যায়ের সঙ্গে মিশে আছে ব্যক্তিগত শোক, স্মৃতি আর মায়ের শূন্যতা।

১৯৬৫ সালের ২০ নভেম্বর ঢাকায় জন্ম তারেক রহমানের। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তিনি। রাজনৈতিক আবহে বেড়ে ওঠা তারেক রহমান শৈশবেই হারান বাবাকে। এরপর মায়ের রাজনৈতিক সংগ্রাম, ক্ষমতায় যাওয়া, প্রতিকূলতা মোকাবিলা ও দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হয়ে ওঠেন তিনি।

১৯৮৮ সালে বাবার জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। ধীরে ধীরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে পরবর্তী সময়ে দলের সাংগঠনিক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, দলকে সংগঠিত করা এবং নির্বাচনি কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেন তিনি।

তবে তার রাজনৈতিক জীবনের পথ মসৃণ ছিল না। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান। কারাবাস, নির্যাতনের অভিযোগ, শারীরিক অসুস্থতা ও একাধিক মামলার মধ্য দিয়ে কঠিন সময় পার করেন তিনি। ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার পর শুরু হয় দীর্ঘ নির্বাসিত জীবন। প্রায় ১৭ বছর দেশের বাইরে থেকেও বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। দলের কঠিন সময়, নেতাকর্মীদের মামলা-গ্রেপ্তার এবং রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে বিদেশে বসেই নেতৃত্ব দিতে হয় তাকে। একই সময়ে মায়ের অসুস্থতা ও কারাবাস তাকে ব্যক্তিগতভাবেও গভীর উদ্বেগের মধ্যে রাখে।

দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে দলকে সংগঠিত করা ও নির্বাচনি প্রস্তুতিতে নেতৃত্ব দেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন তিনি। পরে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

রাজনৈতিক জীবনের এই অভাবনীয় প্রত্যাবর্তন ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ তারেক রহমানের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছে। কিন্তু এই অধ্যায়ের শুরুতেই তাকে হারাতে হয়েছে জীবনের সবচেয়ে আপন মানুষটিকে। দেশে ফেরার মাত্র কয়েক দিন পরই মা খালেদা জিয়ার মৃত্যু তাকে গভীর শোকের মুখে ফেলে। যে মায়ের রাজনৈতিক সংগ্রাম কাছ থেকে দেখেছেন, যে মা ছিলেন তার জীবনের আশ্রয় ও প্রেরণা, সেই মাকে হারিয়ে জন্মদিনের আনন্দও যেন পূর্ণতা পাচ্ছে না।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিনে তারেক রহমানের সামনে একদিকে রাষ্ট্র পরিচালনার বিশাল দায়িত্ব, অন্যদিকে মায়ের স্মৃতি ও শোক। রাজনৈতিক জীবনের দীর্ঘ সংগ্রাম শেষে ক্ষমতার শীর্ষে পৌঁছানোর এই মুহূর্তে তাই জন্মদিনটি নিছক বয়স বাড়ার উপলক্ষ নয়। এটি অর্জন ও হারানোর, প্রত্যাবর্তন ও বিচ্ছেদের, সাফল্য ও শূন্যতার এক মিশ্র দিন।