দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।

কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশের পাশাপাশি মহানগরী উত্তরের পক্ষ থেকে আরও ৬০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন একটি ওয়ার্ডে নাগরিক সমাবেশের আয়োজন করবে দলটি।

আজ শুক্রবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয় মাসে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

এ সময় সেলিম উদ্দিন বলেন, ‘নিরাপদ রাজধানী গড়ার দাবিতে ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মহানগরী উত্তরের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে বড় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে দল-মত, জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হবে। একটি সমাবেশকে কেন্দ্র করে একাধিক মিছিল, সভা, সমাবেশ ও গণসংযোগ কর্মসূচিও চলবে।’

তিনি বলেন, কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে আমরা পূর্ণ একাত্মতা ঘোষণা করছি। ঢাকা মহানগরী উত্তরে কেন্দ্রের প্রতিটি কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। এর বাইরে মহানগরীর পক্ষ থেকে আরও ৬০ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। সব মিলিয়ে আমাদের ১০০ দিনের কর্মসূচি।

কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, আমাদের শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠন, মহিলা সংগঠন এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এতে অংশ নেবেন। প্রতিদিন একটি ওয়ার্ডে বড় নাগরিক সমাবেশ হবে। সেই সমাবেশকে কেন্দ্র করে মিছিল, সভা ও গণসংযোগ চলবে। রমজান মাসে ধর্মীয় মর্যাদা বিবেচনায় রেখে ইফতার মাহফিল ও গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ফেব্রুয়ারি শেষে মার্চ মাসে নতুন কর্মসূচি নেওয়া হবে, ইনশাআল্লাহ।

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও রাষ্ট্রীয় সময় অতিক্রম করছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, তার অন্যতম প্রধান লক্ষ্য ছিল জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায়ের আলোকে একটি নিরাপদ রাষ্ট্র, আইনের শাসন, ন্যায়বিচার ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা। কিন্তু সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় জননিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

তিনি বলেন, একটি দায়িত্বশীল রাষ্ট্রে কোনো নাগরিকের জীবন ও সম্পদ অনিরাপদ থাকতে পারে না। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সেলিম উদ্দিন বলেন, ‘আমরা বিএনপি সরকার এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সরকারের দাবি এবং মাঠপর্যায়ের মানুষের নিরাপত্তাবোধের মধ্যে যেন কোনো ব্যবধান তৈরি না হয়। সরকারের দাবির সঙ্গে বাস্তবতার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটছে। এসব প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ কোথায়?।’

সরকারের প্রতি পাঁচটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি সহিংসতা ও নাশকতার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সবাইকে আইনের আওতায় আনতে হবে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে। চাঁদাবাজি, দখলদারত্ব, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। লোকদেখানো কিংবা নাটকীয় ভূমিকা নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনগণের জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা অবিলম্বে নিশ্চিত করতে হবে।

রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতার বিরুদ্ধে সতর্ক করে তিনি বলেন, যারা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করছে, অগ্নিসংযোগ, বোমাবাজি, হামলা, ভাঙচুর ও নাশকতার সঙ্গে জড়িত, তাদের প্রতি আমাদের বক্তব্য পরিষ্কার। বৈধ রাজনীতি করার অধিকার যেকোনো নাগরিকের রয়েছে। যে কেউ তার বক্তব্য তুলে ধরতে পারেন, আন্দোলন-সংগ্রামও করতে পারেন। কিন্তু এর মাধ্যম সন্ত্রাস হতে পারে না, বোমাবাজি বা অস্ত্রবাজি হতে পারে না, নাগরিকের ওপর হামলা হতে পারে না।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। আন্দোলনও হতে পারে। কিন্তু কোনো অবস্থাতেই নিরীহ মানুষের জীবন বিপন্ন করা কিংবা রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পদ ধ্বংস করার অধিকার কারও নেই। কেউ তা করতে পারবেন না। কোনো রাজনৈতিক পরিচয় অপরাধের দায়মুক্তি হতে পারে না। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, আপনারা শান্ত থাকুন, সচেতন থাকুন এবং যেকোনো ধরনের উসকানি ও সহিংসতার বিরুদ্ধে জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ থাকুন। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। কিন্তু কাউকে আইন ভঙ্গ করার সুযোগও দেবেন না। সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে দেশের নাগরিক ও সম্পদ নিরাপদ রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, কোনো গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই মিলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করব। জনগণের সহযোগিতা ছাড়া শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এত বড় সন্ত্রাস মোকাবিলা করা কঠিন হয়ে যাবে।

জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের এই নেতা বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের অর্থ শুধু ক্ষমতা পরিচালনা নয়, জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাও। জনগণ পরিবর্তন চেয়েছিল। সেই পরিবর্তন যেন শুধু ক্ষমতা বা শাসকের চেহারা পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো, আইনশৃঙ্খলা, বিচারব্যবস্থা ও নাগরিক নিরাপত্তায় সেই পরিবর্তনের প্রতিফলন ঘটাতে হবে।

তিনি অভিযোগ করেন, সরকার জুলাই সনদে স্বাক্ষর করেছিল এবং জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। ভোটারদের প্রায় ৭০ শতাংশ জুলাই সনদের পক্ষে রায় দেওয়ার পরও সরকার রাষ্ট্রীয় সংস্কারের কার্যক্রমে আগ্রহ দেখাচ্ছে না। সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে একধরনের কর্তৃত্ববাদ প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে। এর ফলে জনগণ সরকারের কাছ থেকে দূরে সরে গেছে।

সেলিম উদ্দিন বলেন, জাতির এই সংকটে জনগণকে ঐক্যবদ্ধ করতে হলে সবার আগে জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানতে হবে। সংসদে জুলাই সংস্কার পরিষদের শপথ নিয়ে সনদের বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র সংস্কার করতে হবে, মেরামত করতে হবে। পুরোনো ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক চিন্তাধারা দিয়ে বাংলাদেশকে কখনো পরিবর্তন করা যাবে না।

সরকারের প্রতি গঠনমূলক সহযোগিতার নীতিতে বিশ্বাসী জানিয়ে তিনি বলেন, সরকারের দায়িত্ব পালনে আমরা গঠনমূলক সহযোগিতার নীতিতে বিশ্বাসী। তবে জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে এবং জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধামাচাপা বা গড়িমসি আমরা মেনে নেব না। আমরা আমাদের গণতান্ত্রিক অবস্থান ও দায়িত্ব পালন করে যাব।

জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমাদের অবস্থান জনগণের পক্ষে, সন্ত্রাসের বিপক্ষে। আমরা সন্ত্রাস চাই না, ন্যায়বিচার চাই। প্রতিহিংসা, বিভেদ, বিশৃঙ্খলা কিংবা দখলদারত্বের রাজনীতি চাই না। আমরা চাই একটি শান্তিপূর্ণ, নিরাপদ, বৈষম্যহীন ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ। আমাদের প্রত্যাশা, রাষ্ট্র হবে সবার, নিরাপত্তা হবে সবার এবং আইনের শাসন হবে সবার জন্য সমান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, নাগরিকদের বিভিন্ন সেবা ঘরে বসে দেওয়ার লক্ষ্যে একটি ডিজিটাল অ্যাপ তৈরি করেছে ঢাকা মহানগরী উত্তর জামায়াত। এ বিষয়ে বিস্তারিত জানাতে পরে আরেকটি সংবাদ সম্মেলন করা হবে। এ ছাড়া আরও কিছু সচেতনতামূলক প্রচারাভিযানের প্রস্তুতি চলছে।

সেলিম উদ্দিন বলেন, আমরা নাগরিকদের জন্য একটি ডিজিটাল অ্যাপ তৈরি করেছি, যেখানে কয়েক ডজন সেবা ঘরে বসে পাওয়া যাবে। কীভাবে এবং কেন এই অ্যাপ তৈরি করা হয়েছে, তা জানাতে আরেক দিন সংবাদ সম্মেলন করব। আরও কিছু সচেতনতামূলক প্রচারাভিযান প্রস্তুত করছি। সেগুলোও সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরব।

ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে গণমাধ্যম ও নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, আমরা আশা করি, আপনারা আপনাদের পত্রিকা, টেলিভিশন, মাল্টিমিডিয়া, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে আমাদের কর্মসূচি যথাযথভাবে তুলে ধরবেন, যাতে জনগণ এ সম্পর্কে জানতে পারে। ১০০ দিনের কর্মসূচি বাস্তবায়নে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে জনগণকে ধারণ করার যোগ্যতা ও সক্ষমতা আপনাদের রয়েছে। আগামী ১০০ দিনের কর্মসূচির মাধ্যমে সেই সক্ষমতা জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করবেন।

নগরবাসীকে আশ্বস্ত করে সেলিম উদ্দিন বলেন, যত বড় সন্ত্রাসীই হোক না কেন, জামায়াতে ইসলামী আপনাদের পাশে আছে। মহান আল্লাহর সাহায্য আপনাদের সঙ্গে থাকবে—এই ভরসায় আপনারা শান্ত থাকুন, আমাদের পাশে থাকুন। জামায়াতের নেতৃত্বে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি নিরাপদ বাংলাদেশ ও নিরাপদ ঢাকা মহানগরী উত্তর গড়ে তুলতে আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি।

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত, প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।