দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং ক্রীড়াঙ্গনে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী একযোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সময়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, কবি ও গীতিকার শিবেন চন্দ্র দাস, আহ্বায়ক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, গোয়াইনঘাট উপজেলা শাখা।
এছাড়াও অনুষ্ঠানে ছাত্রদল, যুবদল, বিভিন্ন এলাকা থেকে আগত খেলোয়াড়, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এ দেশের ৫০৩টি উপজেলায় একযোগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকস, সাঁতার, কাবাডি, দাবা, ব্যাডমিন্টন, মার্শাল আর্টের পাশাপাশি এবার নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। এর মাধ্যমে ১০টি ক্রীড়া ইভেন্টে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে গোয়াইনঘাটসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তৈরি হবে। পাশাপাশি খেলাধুলার প্রসারের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ক্রীড়ামুখী সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

মন্তব্য করুন