‘বাবার সঙ্গে মাগরিবের নামাজ শেষে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি গাড়ি এসে আমাদের চাপা দেয়, এতে আমার বাবা মারা যান। অনেক কষ্টে দিন কাটছিল, আজ এই সহায়তার চেক পেয়ে আমরা কিছুটা হলেও উপকৃত হলাম।’—কথাগুলো বলতে বলতে গলা জড়িয়ে আসে ফেনীর সড়ক দুর্ঘটনায় বাবা হারানো রায়হানুল ইসলাম ভূঞার। রায়হানের মতো এমন অসংখ্য স্বজনহারা মানুষের দীর্ঘশ্বাস আর কান্নায় ভারী হয়ে উঠেছিল ফেনী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় ১ কোটি ৬৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে এই মানবিক সহায়তা দেওয়া হয়।
যাঁরা পেলেন এই সহায়তা
অনুষ্ঠানে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় নিহত ৩১টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ৫৫ লাখ টাকা এবং গুরুতর আহত ও আহত ৫ জনকে দেওয়া হয় ১১ লাখ টাকার চেক।জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন ফেনী সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। তিনি বলেন, ‘মানুষের চলাচলের চাহিদা অনুযায়ী সড়ক সম্প্রসারণ এবং পথচারী ও চালকদের সচেতনতা বাড়ানোর সমন্বিত উদ্যোগ নিতে হবে। তবেই সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।’
দুর্ঘটনা শূন্যের কোঠায় নামাতে হবে: প্রশাসন
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু ও স্বজন হারানোর এই ক্ষতি পৃথিবীর কোনো অর্থ দিয়েই পূরণ করা সম্ভব নয়। তবে সরকারের এই ক্ষুদ্র প্রচেষ্টা পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি প্রয়াস মাত্র। এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।’
বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আল ফয়সাল জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আইনি প্রক্রিয়া ও আবেদন যাচাই-বাছাই শেষে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
উপস্থিতি ও অন্যান্য অতিথি
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ ইন্সপেক্টর আলী আশরাফ মোল্লা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন খান নয়ন, বাস মালিক সমিতির সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন এবং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা এসএম আল আমিন, সাবেক সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী, সংসদ সদস্যের ছেলে রাশেদ ইকবাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাতসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
চেক গ্রহণের পর তন্দ্রা মনি দেবীসহ অন্যান্য উপকারভোগীরা তাঁদের কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন