বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক অংশীদারত্ব নিয়ে আলোচনার লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে আজ রোববার ঢাকায় আসছেন জার্মানির ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কফলার জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে আলোচনা হবে। এতে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সক্ষমতা, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং টেকসই প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।
দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী জার্মানি বাংলাদেশের পরিবর্তিত উন্নয়ন চাহিদা বিবেচনায় নিয়ে প্রচলিত সহায়তা কাঠামোর বাইরেও নতুন সহযোগিতার ক্ষেত্র খুঁজতে আগ্রহী।
সফরকালে ড. কফলার রাজনৈতিক সংলাপে অংশ নেবেন এবং চট্টগ্রামে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। ঢাকায় জার্মান দূতাবাস আয়োজিত ‘জার্মান পুনঃএকত্রীকরণ দিবস’-এর অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
অনুষ্ঠানে বাংলাদেশ ও জার্মানির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, কূটনীতিক এবং সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।
১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানির পুনঃএকত্রীকরণের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে দিবসটি পালন করা হয়।
জার্মান দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সফর বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে জার্মানির অঙ্গীকারের প্রতিফলন।

মন্তব্য করুন