পাকিস্তান ক্রিকেটে বিরল এক রেকর্ড গড়েছেন তরুণ অলরাউন্ডার আরাফাত মিনহাস। ইংল্যান্ডের বিপক্ষে একই ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে ৫৯ রান করার পাশাপাশি বল হাতে ৬ উইকেট নিয়েছেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার। এর মধ্য দিয়ে পাকিস্তানের হয়ে এই কীর্তি গড়া তৃতীয় ক্রিকেটার হলেন তিনি।

এর আগে পাকিস্তানের হয়ে ওয়ানডেতে একই ম্যাচে অর্ধশতক করার পাশাপাশি পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন শহিদ আফ্রিদি ও আব্দুল রাজ্জাক। আফ্রিদি এই কীর্তি গড়েছিলেন তিনবার।

২০০০ সালে হোবার্টে ভারতের বিপক্ষে অপরাজিত ৭০ রান করার পাশাপাশি ৪৮ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন আব্দুল রাজ্জাক। একই বছর লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ৬১ রান করার পাশাপাশি ৪০ রানে পাঁচ উইকেট শিকার করেন শহিদ আফ্রিদি।

২০১১ সালে শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে ৭৫ রান করার পাশাপাশি ৩৫ রানে পাঁচ উইকেট নেন আফ্রিদি। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রভিডেন্সে আরও দুর্দান্ত পারফরম্যান্স দেখান তিনি। সেদিন ৭৬ রান করার পাশাপাশি মাত্র ১২ রান দিয়ে সাত উইকেট শিকার করেন এই সাবেক পাকিস্তানি অলরাউন্ডার।