প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা করে তাদের ভরসায় ক্ষমতায় টিকে থাকার রাজনীতিতে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বাংলাদেশে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন চান না তারা। সব ধর্মের মানুষের নাগরিক পরিচয় হবে বাংলাদেশি।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামের ঐতিহ্যবাহী জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, জেএম সেন হলে তারা সবসময় এসেছেন। তবে এর আগে কেউ কেউ এখানে এসে সনাতন ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে থাকার আশ্বাস দিয়েছেন। কিন্তু প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা করে তাদের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না।
সালাহউদ্দিন আহমেদ বলেন, তারা এমন একটি বাংলাদেশ গড়তে চেয়েছেন, যেখানে কোনো বৈষম্য থাকবে না। স্বাধীনতার শহীদ ও মুক্তিযোদ্ধারাও এমন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে।
‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ শব্দটি সচেতনভাবে এড়িয়ে চলেন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে কাউকে সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করতে চান না তারা। পৃথিবীর বিভিন্ন দেশে নানা ধর্মের মানুষ বসবাস করেন এবং কোথাও সংখ্যাগরিষ্ঠ মানুষও থাকেন। তবে বাংলাদেশের সব নাগরিকের পরিচয় হবে বাংলাদেশি নাগরিক হিসেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চব্বিশ-পরবর্তী বাংলাদেশে নাগরিক পরিচয়ের এই ধারণাকে নতুনভাবে উপলব্ধি করার যে সংস্কৃতি চালু হয়েছে, তার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, এ দেশের সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন। ফ্যাসিবাদমুক্ত হওয়ার জন্য গণ-অভ্যুত্থানেও সব ধর্মের মানুষ রক্ত ঝরিয়েছেন।
ধর্মের ভিত্তিতে বিভাজন ও রাজনীতির বিরোধিতা করে সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা সনাতন ধর্মাবলম্বীদের সবসময় ভোটব্যাংক হিসেবে বিবেচনা করতেন, গত নির্বাচনে তারা সেই ধারণা থেকে বেরিয়ে আসার বার্তা পেয়েছেন। জনগণ তাদের ওপর আস্থা রেখেছে, তারাও সেই আস্থার মর্যাদা রাখতে চান। প্রধানমন্ত্রী তারেক রহমানকে তিনি আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

মন্তব্য করুন