ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ১৪ জন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শাবওয়া প্রাদেশিক কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, প্রশিক্ষণ চলাকালে নিয়োগপ্রাপ্তদের লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের যাচাই করা ভিডিওতে আহত ব্যক্তিদের পাশাপাশি মাটিতে ছড়িয়ে থাকা রক্তাক্ত মরদেহ দেখা গেছে।
চলতি মাসে হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনর্দখলে অভিযান শুরু করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি কিছু এলাকা পুনরুদ্ধারের দাবি করেছে তারা। অন্যদিকে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকায় হুথিবিরোধী বাহিনীর সর্বশেষ বড় নগর ঘাঁটি তাইজ অবরোধ করে রেখেছে হুথিরা।
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইয়েমেনের সংঘাতও বৃহত্তর আঞ্চলিক উত্তেজনার অংশ হয়ে উঠেছে। এর মধ্যে সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর ও সৌদি আরামকোর স্থাপনাগুলো লক্ষ্য করে হুথিদের হামলার খবরও পাওয়া গেছে।

মন্তব্য করুন