যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অয়ন হোসেন (২২) ও মিথিলা খাতুন (১৭) নামে দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। তাঁরা প্রেমিক-প্রেমিকা ছিলেন বলে জানিয়েছে পুলিশ ও স্বজনেরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের টালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অয়ন হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মিথিলা খাতুন যশোরের চৌগাছা পৌরশহরের বাকপাড়ার নাজমুল ইসলামের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নম্বরবিহীন একটি মোটরসাইকেলে করে চৌগাছা থেকে যশোর সড়কের আড়ারদাহ ক্যাফেতে যাচ্ছিলেন অয়ন ও মিথিলা। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা। পথে কয়ারপাড়া-টালিখোলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন। মিথিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ জানান, স্থানীয়দের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, নিহত দুজন প্রেমিক-প্রেমিকা ছিলেন। তাঁদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনার পর পিকআপ ও এর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন