আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দুই দশকের বেশি সময়ের পথচলার ইতি টেনেছেন লিওনেল মেসি। বিদায়ের পর প্রকাশ্যে এসেছে তার ক্যারিয়ারের শেষ মুহূর্তগুলোর কিছু অপ্রকাশিত দৃশ্য। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের প্রকাশিত এক ভিডিওতে জাতীয় দলের হয়ে খেলার আবেগ, গর্ব ও স্মৃতির কথা তুলে ধরেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবল তারকা।
ভিডিওতে মেসি বলেন, আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামার প্রতিটি মুহূর্তই তার কাছে বিশেষ ছিল। তরুণ বয়সের নিজেকে কোনো পরামর্শ দিতে হলে তিনি বলতেন, ফুটবলকে আরও বেশি উপভোগ করতে। ক্যারিয়ারে অর্জিত সাফল্যের পূর্ণ মূল্য হয়তো তখন বুঝতে পারেননি বলেও জানান তিনি।
জাতীয় দলের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর স্মৃতিচারণ করে মেসি বলেন, আর্জেন্টিনায় আসতে তার সব সময়ই ভালো লাগত। দুই দশকের বেশি সময়ের এই সম্পর্ক থেকে বিদায় নেওয়া সহজ নয়। এত বছর পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
আর্জেন্টিনার জার্সির প্রতি নিজের ভালোবাসা তুলে ধরে মেসি বলেন, দেশের প্রতিনিধিত্ব করতে পারা তার জন্য অনেক বড় সম্মানের। জয়-পরাজয় যা-ই আসুক, জাতীয় দলের জার্সি পরাই ছিল তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিবার দেশের হয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন বলেও জানান এই তারকা।
প্রতিবেদন অনুযায়ী, গত ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলেন মেসি। ওই ম্যাচে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দুটি গোলে অবদান রাখেন তিনি। জাতীয় দলের হয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোলের কীর্তি নিয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজের অধ্যায়ের সমাপ্তি টানেন আর্জেন্টিনার এই অধিনায়ক।

মন্তব্য করুন