
পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিবাচক পরিবর্তনে ছোট ছোট ভালো কাজ করার পরামর্শও দিয়েছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে রাজধানীর ইংরেজি মাধ্যমের স্কুল সানিডেলের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের নিজেদের বাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি আশপাশে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। বিশেষ দিনগুলোতে উপহার হিসেবে গাছ দেওয়ার সংস্কৃতি গড়ে তোলারও পরামর্শ দেন তিনি।
পরিচ্ছন্নতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তন নিজের ঘর থেকেই শুরু করতে হবে। যত্রতত্র ময়লা না ফেলা এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করতে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাস ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকে। তাই বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, ছোট ছোট ভালো কাজ সমাজ ও দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরও অংশগ্রহণ করতে হবে।
সংসদের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া এবং সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দিতে সানিডেলের শিক্ষার্থীরা এদিন জাতীয় সংসদে আসে। আসরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পড়াশোনা ও স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
