সিলেট আওয়ামী লীগের ঘর সামলাতে ফের দলের দুই কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা হলেন-দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।তারা এমন এক সময় সিলেট বিভাগের সমন্বয়কের দায়িত্ব পেলেন-যখন অনুমোদনের জন্য কেন্দ্রে জমা দেওয়া সিলেট জেলা, মহানগর আওয়ামী লীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন নিয়ে জটিলতা ও এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় ছাত্রলীগের সম্পৃক্ততা নিয়ে সর্বত্র আলোচনা চলছে।
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ জড়িত থাকার অভিযোগের পর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের তিন নেতাকে ঢাকায় ডেকে নিয়ে গত বৃহস্পতিবার বৈঠক করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাহবুব উল আলম হানিফ এমপি।সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান জানান, বৃহস্পতিবার রাজধানীর পুলিশ প্লাজাস্থ মাহবুব উল আলম হানিফের রাজনৈতিক কার্যালয়ে দু’দফায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনকে নিয়ে বৈঠক করেন মাহবুব উল আলম হানিফ। এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে মহানগরের দুই নেতা বের হওয়ার পর ১২টার দিকে তাকে (নাসির খান) নিয়ে বৈঠকে বসেন তিনি।এডভোকেট নাসির উদ্দিন খান জানান, বৈঠকে কেন্দ্রে জমা দেওয়া সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি নিয়ে কেন্দ্রে যাওয়া কিছু অভিযোগের ব্যাপারে আলোচনা হয়। এছাড়া, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সিলেট ছাত্রলীগের কর্মকান্ড এবং সম্প্রতি সিলেট এমসি কলেজে ঘটে যাওয়া গণধর্ষণের বিষয়ও আলোচনা হয়েছে বলে জানান তিনি। এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সিলেটসহ আটটি সাংগঠনিক বিভাগের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত টিম অনুমোদন দিয়েছে ক্ষমতাসীন দলটি।
গতকাল শনিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এমন সিদ্ধান্ত দেন শেখ হাসিনা। এরপর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক বৈঠকের আলোচ্যসূচি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব টিম অনুমোদনের তালিকা প্রকাশ করেন।
আট সাংগঠনিক বিভাগের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত টিমগুলোর মধ্যে সিলেট বিভাগের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।
সিলেটের জন্য গঠিত এই টিমে সভাপতিমন্ডলীর সদস্যদের মধ্যে রয়েছেন এডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও নুরুল ইসলাম নাহিদ।বাকি সদস্যরা হলেন- ডা. মুশফিক হোসেন চৌধুরী ও সায়েম খান। দীর্ঘদিন পর ১৪ সেপ্টেম্বর কেন্দ্রে জমা পড়ে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি। কমিটি জমা দেয়ার পর পরই সিলেট আওয়ামী লীগের একটি অংশ ক্ষুব্ধ হয়। বিষয়টি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও অবহিত করা হয়।
Development by: webnewsdesign.com