ষাট গম্বুজ মসজিদসহ পুরাকীর্তি রক্ষায় উদ্যোগ চাইলেন এমপি রাহাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ৪:০১ অপরাহ্ণ

ষাট গম্বুজ মসজিদসহ পুরাকীর্তি রক্ষায় উদ্যোগ চাইলেন এমপি রাহাদ
apps

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্ব ঐতিহ্যের স্থান ষাট গম্বুজ মসজিদসহ এলাকার অন্যান্য পুরাকীর্তি লবণাক্ততার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরেছেন।

সংসদে উত্থাপিত এক প্রশ্নে তিনি জানতে চান, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে এসব ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে কোনো সংস্কার বা সুরক্ষা প্রকল্প গ্রহণ করা হবে কি না।

প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে সরাসরি কোনো প্রকল্প বাস্তবায়ন করা হয় না; বরং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংস্থার মাধ্যমে গৃহীত প্রকল্পে অর্থায়ন করা হয়ে থাকে।

তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা-২০০৯ অনুযায়ী বিভিন্ন মেয়াদে প্রকল্প নেওয়া হয় এবং সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে অনুমোদিত হয়।

মন্ত্রী আরও জানান, বাগেরহাট-২ এলাকায় খানজাহান আলী (রঃ)-এর স্মৃতিবিজড়িত বিশ্ব ঐতিহ্যের স্থান ষাট গম্বুজ মসজিদসহ অন্যান্য পুরাকীর্তি লবণাক্ততার প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষার জন্য কোনো সরকারি সংস্থা বা অধিদপ্তর প্রকল্প প্রস্তাব পাঠালে তা যথাযথ প্রক্রিয়ায় বিবেচনা করা হবে।

বিশেষজ্ঞদের মতে, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় ঐতিহাসিক স্থাপনাগুলোর টেকসই সংরক্ষণে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

Development by: webnewsdesign.com