খাগড়াছড়ির রামগড় উপজেলায় অগ্নিকাণ্ডে একটি উচ্চ বিদ্যালয়ের ছয়টি কক্ষসহ গুরুত্বপূর্ণ নথিপত্র ও শিক্ষা উপকরণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। স্কুলটি জনবসতিহীন এলাকায় হওয়ায় স্থানীয়রা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন। পরে রামগড় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বিশান্ত বড়ুয়া জানান, জরুরি হটলাইন ১০২-এ খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে বিদ্যালয়ের ছয়টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের বলেন, “আগুন প্রধান শিক্ষকের কক্ষসহ ছয়টি শ্রেণিকক্ষ গ্রাস করেছে। এতে বিদ্যালয়ের আসবাবপত্র, কম্পিউটার, শিক্ষার্থীদের প্রয়োজনীয় নথিপত্র ও শিক্ষা উপকরণসহ অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত মেরামত কাজ শেষ করে আবার পাঠদান শুরুর চেষ্টা করছি।”
ঘটনার পরপরই উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যালয়ের অপূরণীয় ক্ষতির পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।
Development by: webnewsdesign.com