আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার সকালে রাজধানীতে এনসিপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন বারবার পেছানো হচ্ছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে ন্যূনতম আশঙ্কা তৈরি হলে এনসিপি সর্বোচ্চ শক্তি দিয়ে তা প্রতিহত করবে।
তিনি বলেন, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে এনসিপি স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, নিয়োগ থেকে বাদ পড়া আড়াই হাজার প্রার্থীকে চাকরিতে নিয়োগ দিতে হবে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা না থাকলে নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি। অন্যায়ভাবে একজনকেও বাদ দেওয়া হলে এনসিপি তাঁর পক্ষে লড়বে বলেও মন্তব্য করেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ওই বক্তব্যে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। তাঁর দাবি, প্রধানমন্ত্রী সেখানে দলীয় এজেন্ডা তুলে ধরেছেন।
নাহিদ ইসলাম আরও বলেন, জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকট, সীমান্ত হত্যা ও পুশইন নিয়ে যথেষ্ট আলোচনা করা হয়নি।
রোহিঙ্গা সংকটের সমাধান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং গণঅভ্যুত্থান ও গণহত্যার বিষয়ও প্রধানমন্ত্রীর বক্তব্যে যথাযথভাবে উঠে আসেনি বলে দাবি করেন এনসিপি আহ্বায়ক। জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অর্জন কী, তা জনগণের কাছে স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।
