পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে না পারলে মানুষ দিন-রাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, জনগণের সহযোগিতা পেলে পুলিশ একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখতে পারবে।
রোববার (২৫ অক্টোবর) বাগেরহাট জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে কমিউনিটি পুলিশিং সমাবেশ ও সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইজিপি জানান, পুলিশ বাহিনীতে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গত দুই মাসে ২৭ জন কর্মকর্তা ও সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। বাহিনীকে শক্তিশালী করতে নিজেদের ভেতরের অনিয়ম দূর করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
পুলিশের যানবাহন সংকট কাটাতে প্রায় ৫ হাজার ৮০০ গাড়ি কেনার প্রকল্প নেওয়া হয়েছে, যা গত সপ্তাহে অনুমোদন পেয়েছে বলে জানান আইজিপি। পাশাপাশি জনবল সংকট পূরণে প্রতিবছর অন্তত ১৫ হাজার নতুন পুলিশ সদস্য নিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং, দুর্নীতি ও সম্পত্তিসংক্রান্ত অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং আরও কার্যকর করা হবে। কিশোর গ্যাং নির্মূলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এ কার্যক্রম ইউনিয়ন পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করা হবে।
স্থানীয় বাসিন্দাদের অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, অনেক ক্ষেত্রে এলাকার মানুষ অপরাধ ও মাদক কারবার সম্পর্কে পুলিশের চেয়েও বেশি তথ্য জানেন। এসব তথ্য অপরাধ দমনে সহায়ক হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান আইজিপি।
অনুষ্ঠানে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিলুর ইসলাম, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম, জেলা প্রশাসক গোলাম মো. বাতেনসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন