ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী মোট ১৪১টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২১ হাজার ৯৩৩ জন যাত্রী।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর থেকে শুক্রবার (২৩ অক্টোবর) রাত পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৬টি সরাসরি এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট ছিল।
বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়ার ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে। এসব ফ্লাইটে অন্য দেশ হয়ে রিয়াদ ও দাম্মামে যাওয়ার কথা ছিল যাত্রীদের। তবে সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকা থেকে তাঁদের বহন করা হয়নি।
এর আগে হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে ফ্লাইট চলাচল বন্ধ রাখে। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইনস ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট বাতিলের ঘোষণা দেয়।


মন্তব্য করুন