সিলেট সফর নিয়ে তারেক রহমানকে প্রশ্নবিদ্ধ করলেন শিশির মনির

শুক্রবার, ০৮ মে ২০২৬ | ১১:২৭ অপরাহ্ণ

সিলেট সফর নিয়ে তারেক রহমানকে প্রশ্নবিদ্ধ করলেন শিশির মনির
apps

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফর নিয়ে জামায়াত নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, সম্প্রতি প্রধানমন্ত্রী সিলেটে এসেছিলেন। এখানে খাল খননসহ বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করে গেছেন। এগুলো কি প্রধানমন্ত্রীর কাজ?

গত বুধবার (৬ মে) বিকেলে ‘জুলাই ঐক্য’ সিলেট আয়োজিত বহুল প্রত্যাশিত রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গৃহীত গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে ‘গণরায় বাস্তবায়ন ও জনপ্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খাল খননের জন্য পানি উন্নয়ন বোর্ড আছে, খেলাধুলার জন্য ক্রীড়া অধিদপ্তর এবং অবকাঠামোগত উন্নয়নের নির্দিষ্ট প্রতিষ্ঠান রয়েছে। প্রধানমন্ত্রীর উচিত সঠিক লোককে সঠিক জায়গায় বসানো। তাহলে অটোমেটিক প্রকল্প বাস্তবায়িত হবে। আর এটাই হবে পরিবর্তন কিংবা সংস্কার।

শিশির মনির বলেন, পানি উন্নয়ন বোর্ড-পাউবো সঠিকভাবে কাজ না করলে সুনামগঞ্জের হাওর রক্ষা করা সম্ভব হবে না| এজন্য পাউবোকে শক্তিশালী করতে হবে। প্রতিষ্ঠান শক্তিশালী না হলে উন্নয়ন নিশ্চিত হবে না এবং গণতন্ত্র ঠেকসই হবে না। রাষ্ট্রের আয় ব্যয়ের সঠিক হিসাব নিশ্চিত করা না গেলে দুর্নীতি বন্ধ করা যাবে না। এজন্যই প্রয়োজন সংস্কার। অন্তর্বর্তীকালিন সরকারের আমলে আমরা দীর্ঘ ৮ মাস ২৭টা দেশের সংসদীয় গণতান্ত্রিক সিস্টেমকে পর্যালোচনা করে জুলাই সনদ প্রস্তুত করেছিলাম। ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপিই প্রথম গণভোটে রাজি হয়েছিল। যখন জুলাই চার্টার হলো তখন তারা বললেন- এটি কিভাবে বাস্তবায়ন হবে। তখন সংবিধান স্থগিত করে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে সংস্কার বাস্তবায়নসহ বিভিন্ন পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়। তখন তারা বললো- আমরা গণভোটে রাজি আছি। কিন্তু এখন বিএনপি গণভোটের রায়কেই বাতিল করে দিয়েছে। এজন্য তাদের জন্য খারাপ পরিণতি অপেক্ষা করছে।

তিনি আশা প্রকাশ করেন, বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে- তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিবেন। অন্যথায় ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। কারণ এদেশে আবারও গণঅভ্যুত্থান হবে।

সিলেট প্রেসক্লাবের সভাপতি মুক্তাবিস উন নুরের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডা. ইসমাঈল পাটোয়ারী।

Development by: webnewsdesign.com