র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ এর একটি আভিযানিক দল সকাল আনুমানিক ১১টার দিকে কসবা থানার বিনাউটি বাজার এলাকায় অবস্থান নেয়। পরে খবর পাওয়া যায়, ব্যাটারিচালিত অটোরিকশাযোগে কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে কসবা রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছে।
এর পরিপ্রেক্ষিতে ইমামবাড়ি রেলওয়ে স্টেশনের সামনে চেকপোস্ট বসানো হলে একটি অটোরিকশাকে থামানোর সংকেত দেওয়া হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে অটোরিকশা থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন— মোঃ জামিল হোসেন (৫২) ও মোঃ শাহাজাহান মিয়া (৫৫)। তারা উভয়েই কসবা উপজেলার ধ্বজনগর এলাকার বাসিন্দা। অপরদিকে, একই দিন সন্ধ্যা আনুমানিক ৫টা ৩৫ মিনিটে বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের দৌলতবাড়ি এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ১৪ কেজি গাঁজাসহ আরও দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— শান্তি আক্তার (৩৫) ও রুমা আক্তার (৩৪)। তাদের বাড়ি নরসিংদী জেলায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রেখেছিলেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।