খাগড়াছড়ির রামগড়ে বিয়ের দাওয়াতে অংশ নিতে এসে পুলিশের জালে ধরা পড়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের তিন নেতা। শুক্রবার (১ মে) ভোরে রামগড় পৌরসভার বল্টুরামটিলা ও মুসলিমপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) এবং সদস্য মো. মানিক ওরফে আব্দুল মালেক (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগের এক নেতার মেয়ের বিয়ের দাওয়াতে অংশ নিতে ওই তিন নেতা রামগড়ে আসেন। বৃহস্পতিবার রাতে তারা কনের গায়ে হলুদের অনুষ্ঠানে আনন্দ-উৎসবে যোগ দেন। শুক্রবার দুপুরে বিয়ের মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও তার আগেই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে।
এরপর ভোরে পুলিশি অভিযানে নিজ নিজ বাসা থেকে তারা গ্রেপ্তার হন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, গ্রেপ্তারকৃতরা দুটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তারা এলাকায় এসেছিলেন।
ওসি আরও নিশ্চিত করেন যে, গ্রেপ্তারকৃত তিন আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবারই আদালতে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Development by: webnewsdesign.com