হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিখোঁজের দুই দিন পর এক কিশোরীর হাত বাঁধা অবস্থায় নদী থেকে বিবস্ত্র মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ (সোমবার) বিকেল আনুমানিক ৫টার দিকে আজমিরীগঞ্জ থানাধীন বদলপুর ইউনিয়নের পূর্ব পিটুয়ারকান্দি গ্রামের বাসিন্দা নবি মিয়ার মেয়ে ছামিরুণ (১২) হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাড়িসহ আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজের দুই দিন পর, আজ ১ এপ্রিল (বুধবার) দুপুর আনুমানিক আড়াইটার দিকে ছামিরুণের বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে কুশিয়ারা নদীর তীরে পানিতে ভাসমান একটি মরদেহ দেখতে পান স্থানীয় কয়েকজন। পরে তারা কাছে গিয়ে নিশ্চিত হন, সেটি নিখোঁজ ছামিরুণের মরদেহ। এ সময় দেখা যায়, মরদেহটির দুই হাত বাঁশের সঙ্গে বাঁধা এবং শরীরে কোনো কাপড় নেই।
ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা নদীর তীরে ভিড় জমায়। এমন নৃশংস ও রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অনেকেই এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন এবং দ্রুত প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে জানান ‘আমরা বিষয়টি অবগত হয়েছি এবং ঘঠনাস্থলে যাচ্ছি, ঘঠনাস্থলে গিয়ে আইন-আনুগ ব্যবস্থা গ্রহন করা হবে’।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
Development by: webnewsdesign.com