রাজধানীর রমনা পার্কের সৌন্দর্যবর্ধনে নেওয়া প্রকল্পের কাজ গত ১১ মাসে মাত্র ১১ শতাংশ বাস্তবায়ন সম্ভব হয়েছে। অথচ গত বছরের নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ‘ঢাকাস্থ রমনা পার্কের অবকাঠামোগত উন্নয়ন এবং রমনা লেকসহ সার্বিক সৌন্দর্য বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্প নিয়ে আলোচনা শেষে এই সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, কমিটি সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, বজলুল হক হারুন, মো. জিল্লুল হাকিম, মো. মনোয়ার হোসেন চৌধুরী, সৈয়দা জোহরা আলাউদ্দিন ও বেগম ফরিদা খানম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, ‘ঢাকাস্থ রমনা পার্কের অবকাঠামোগত উন্নয়ন এবং রমনা লেকসহ সার্বিক সৌন্দর্য বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পে ৩৪ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই টাকা দিয়ে পার্কের ভেতর ১৫ ধরনের কাজ করা হবে। এগুলোর মধ্যে আছে লেক পুনঃখনন, সিরামিকে আবৃত ফুটপাত নির্মাণ, উন্মুক্ত কফি কর্ণারসহ রেস্তোরাঁ নির্মাণ, শিশু কর্ণারের আধুনিকায়ন, সেতু নির্মাণ ও শৌচাগারের আধুনিকায়ন। এর মধ্যে শুধু সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে।
সংসদ সচিবালয় জানায়, বৈঠকে চট্টগ্রামের অন্যতম বিনোদন কেন্দ্র পাঁচলাইশ আবাসিক এলাকার জাতিসংঘ পার্ক আধুনিকায়নের লক্ষ্যে সিটি কর্পোরেশন থেকে অনাপত্তিপত্র দেওয়ায় নতুন করে কাজ শুরুর সুপারিশ করা হয়। এছাড়া তেজগাঁওয়ে গণপূর্ত অধিদপ্তরের সেসব জায়গা বেদখলে আছে, সেগুলো দখলমুক্ত করে সরকারী কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
Development by: webnewsdesign.com