পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খান ঢাকায় আসছেন। আগামী ৬ নভেম্বর ঢাকার গুলশানে আয়োজিত ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’-এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সফরে তার সঙ্গে থাকবেন মা ও ফ্যাশন ডিজাইনার ফারহানা সোহেল।
আয়োজকদের ঘোষণা অনুযায়ী, ৪ থেকে ৮ নভেম্বর পাঁচ দিনব্যাপী চলবে প্রদর্শনীটি। ঢাকার গুলশান-১-এর গুলশান শুটিং ক্লাবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে আয়োজন।
প্রদর্শনীতে বিলালের মায়ের নকশা করা পোশাকসহ পাকিস্তানের বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের পণ্য, বিয়ের পোশাকের বিশেষ সংগ্রহ এবং ঐতিহ্যবাহী খাবার তুলে ধরা হবে। এর মাধ্যমে বাংলাদেশের দর্শনার্থীদের সামনে পাকিস্তানের ফ্যাশন ও সংস্কৃতি তুলে ধরতে চান আয়োজকেরা।
‘ইশক মুর্শিদ’ ও ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিতি পেয়েছেন বিলাল আব্বাস। এ ছাড়া ‘মান জোইগি’, ‘পেয়ার কে সদকে’ ও ‘চিখ’-এর মতো নাটকেও অভিনয় করেছেন তিনি।
এবার ঢাকায় তার উপস্থিতির মধ্য দিয়ে ভক্তদের সরাসরি দেখা করার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা।

মন্তব্য করুন