শান্তি ও স্থিতিশীলতায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে নয়াদিল্লিতে আলোচনা

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ১:১১ অপরাহ্ণ

শান্তি ও স্থিতিশীলতায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে নয়াদিল্লিতে আলোচনা
apps

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তি, আস্থা ও পারস্পরিক সহযোগিতা জোরদারে দায়িত্বশীল সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—এমন মত উঠে এসেছে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভারতের ভারতী বিদ্যাপীঠ শিক্ষামূলক কমপ্লেক্সের নতুন দিল্লি ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রতিপাদ্য ছিল— ‘দক্ষিণ এশিয়ার দেশগুলিতে শান্তি প্রতিষ্ঠা ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা’। সার্ক জার্নালিস্টস ফোরাম (এসজেএফ)–এর ভারত চ্যাপ্টারের সহযোগিতায় সম্মেলনটি আয়োজন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ভারতী বিদ্যাপীঠের পরিচালক ও বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী ড. এম. হুদা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সার্ক জার্নালিস্টস ফোরামের সভাপতি রাজু লামা। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির মহাসচিব আবদুর রহমান, ভারত চ্যাপ্টারের সভাপতি ড. অনিরুদ্ধ শুধাংশু, সদস্য ড. স্মিতা মিশ্র এবং বাংলাদেশ চ্যাপ্টারের সহসভাপতি আসিফ হাসান নবী। এ ছাড়া সার্কভুক্ত বিভিন্ন দেশের সাংবাদিক, গবেষক, মানবাধিকারকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং দিল্লি বিশ্ববিদ্যালয় ও ভারতী বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

সম্মেলনে ভুটান থেকে সার্ক জার্নালিস্টস ফোরামের আন্তর্জাতিক সদস্য রিনজিন ওয়াংচুক এবং পাকিস্তান চ্যাপ্টারের সাধারণ সম্পাদক হুসনাইন চৌধুরী ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সার্ক জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের সহসভাপতি আসিফ হাসান নবী। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভৌগোলিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মিল থাকলেও আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক বর্তমানে কার্যত অচল অবস্থায় রয়েছে। এই ভূরাজনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠতে এবং জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি শান্তি প্রতিষ্ঠা ও জনমত গঠনের একটি শক্তিশালী মাধ্যম। দায়িত্বজ্ঞানহীন সংবাদ পরিবেশন উত্তেজনা ও বিভ্রান্তি তৈরি করতে পারে, আর দায়িত্বশীল সাংবাদিকতা ভুল বোঝাবুঝি দূর করে সংলাপ ও আস্থা বাড়াতে সহায়তা করে।

ডিজিটাল যুগে ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য আঞ্চলিক শান্তির জন্য বড় হুমকি হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতিতে সাংবাদিকদের তথ্য যাচাই, পেশাগত নৈতিকতা ও সংযত ভাষা ব্যবহারে আরও সতর্ক হতে হবে।

আলোচনায় অংশ নেওয়া বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত সংলাপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদারে কার্যকর ভূমিকা রাখতে পারে। সম্মেলনে শান্তি সাংবাদিকতার চর্চা বাড়ানো এবং সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Development by: webnewsdesign.com