রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ প্রশাসনের বিরুদ্ধে সরকারি বিভিন্ন দফতরে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ দিয়েছিলেন ৯ শিক্ষক। আগামী ১৭ ও ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) এই অভিযোগের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। এই পরিপ্রেক্ষিতে হামলার আশঙ্কায় নিরাপত্তা চেয়ে গত রোববার নগরির মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিযোগকারী শিক্ষকরা।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান।
অভিযোগকারী শিক্ষকরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত¦ ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতান-উলইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সৈয়দ মুহাম্মদ আলী রেজা, সংগীত বিভাগের অসিত রায়, মনোবিজ্ঞান বিভাগের মজিবুল হক আজাদ, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিভাগের জাহাঙ্গীর আলম, রসায়ন বিভাগের তারিকুল হাসান, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের মো: মিজানুর রহমান, নাট্যকলা বিভাগের এস এম ফারুক হোসাইন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস এম এক্রাম উল্যাহ।
জানা যায়, ওই শিক্ষকরা চলতি বছর ৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়সহ কয়েকটি সরকারি দফতরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যসহ বর্তমান প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ জমা দিয়েছিলেন। শিক্ষকদের দাবি, শুনানিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ও শিক্ষকদের ক্ষতিগ্রস্ত করতে অপচেষ্টা করা হচ্ছে।
শিক্ষকরা জিডিতে উল্লেখ করেন, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কয়েকজন শিক্ষক স্বাস্থ্যবিধি মেনে ডিনস কমপ্লেক্সের শিক্ষক লাউঞ্জে সৌজন্য আলোচনা করছিলেন। এই অবস্থায় তাঁরা খবর পান, মামুন নামের এক বহিরাগত ও বিশ্ববিদ্যালয়ের স্কুলের সহকারী শিক্ষক সাদ্দাম হোসেনের নেতৃত্বে কয়েকজন বহিরাগত ডিনস কমপ্লেক্সের সামনে রাখা গাড়ি ও এগুলোর নম্বরপ্লেট গোপনে মোবাইলে ছবি তুলছে ও ভিডিও ধারণ করছে।
Development by: webnewsdesign.com