
চট্টগ্রামের হাটহাজারীতে রাতের আঁধারে মিছিল করার অভিযোগে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) ভোরের দিকে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উদালিয়া এলাকার জিয়াউদ্দিন জাহেদ (৩০), পশ্চিম ধলই এলাকার মো. আকতার হোসেন (২৩), ফতেপুর এলাকার মো. শাহাদাত হোসেন (৪৪), এবং নন্দীরহাট এলাকার মো. হাবিবুল আলম (২৫)।
জানা গেছে, গত রবিবার ভোরে চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদের নেতৃত্বে প্রায় ১২ থেকে ১৫ জন নেতা-কর্মী নিয়ে একটি সংক্ষিপ্ত (তিন মিনিটের) মিছিল বের করা হয়। এই মিছিলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনও উপস্থিত ছিলেন বলে অভিযোগ।
মিছিলটি শেষ করেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে নেতা-কর্মীরা। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলেটির ভিডিওতে ‘উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, চট্টগ্রাম’ লেখা একটি ব্যানার দেখা যায়। এই মিছিলে অংশ নেওয়া কয়েকজনের মাথায় হেলমেট ছিল এবং অনেকে কাপড় দিয়ে মুখ ঢেকে অংশ নেয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই স্থানীয় প্রশাসনের নজরে আসে এবং দ্রুত অভিযান শুরু হয়।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, বিশেষ অভিযানের মাধ্যমে চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিশ্চিত করেন যে, “গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে সোপর্দ করা হয়েছে।”
পুলিশ কী কারণে এত সংক্ষিপ্ত ও রাতের আঁধারের মিছিলটিকে আমলে নিল, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
