তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা তেমন উন্নয়ন চাই না, যেটা পাশ্চাত্যে ঘটেছে। সেখানে দেখা যায়, পাশের বাড়িতে কী হচ্ছে সেটা কেউ দেখে না।
তিনি বলেন, পাশের বাড়িতে একাকী ৮৫ বছরের বৃদ্ধ থাকে। হঠাৎ একদিন দেখা গেল সেই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তিনি একাকী মৃত্যুবরণ করেছেন। পাশের বাড়িতে খবর না রাখার কারণে দুর্গন্ধের কারণে তার মৃত্যুর খবর পান। অথচ এতদিন কেউ খবর রাখেনি। আমরা চাই না আমরা যখন বৃদ্ধ হব তখন আমাদের সন্তানেরা আমাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিক। সে ধরনের উন্নয়ন আমরা চাই না।
শনিবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, উন্নত জাতি গঠনে শিক্ষাদীক্ষার সঙ্গে বিনয় প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তর করতে চান। সেই উন্নত রাষ্ট্র রূপান্তর করতে হলে উন্নত জাতি গঠন করতে হবে।
তিনি বলেন, আমাদের সন্তানেরা বড় ডাক্তার হবে, সরকারি বড় কর্মকর্তা হবে, কিন্তু গ্রামের দরিদ্র কৃষকের জন্য তার দরজা খোলা রাখে না, তেমন উন্নয়ন আমরা চাই না। আমাদের নতুন প্রজন্ম নিজেদের এমনভাবে গড়ে তুলবে তাদের মধ্যে মেধা, মূল্যবোধ, দেশাত্মবোধ ও মানুষের প্রতি মমত্ববোধ থাকবে।
ড. হাছান মাহমুদ বলেন, পারিবারিক ও সামাজিক মূল্যবোধে আমরা পাশ্চাত্যের চাইতেও অনেক বেশি ধনী। কিন্তু পাশ্চাত্যের অন্ধ অনুকরণে আমাদের পারিবারিক এবং সামাজিক মূল্যবোধ যেন হারিয়ে না যায়, সেগুলো যেন আরও সমৃদ্ধ হয়।
তিনি বলেন, ২০৪১ সাল নাগাদ পাশ্চাত্য যেন দেখে আমরা তাদের মতোই বস্তুগতভাবে উন্নত হয়েছি, একই সঙ্গে তাদের চেয়ে আমাদের নতুন প্রজন্ম দেশাত্মবোধ, মূল্যবোধ ও মমত্ববোধে অনেক বেশি উন্নত। তারা যেন আমাদের অনুকরণ করে, আমরা রাষ্ট্রকে সেই জায়গায় নিয়ে যেতে চাই।
Development by: webnewsdesign.com