সিলেটের রাজনগরে ফ্রান্স পাঠানোর কথা বলে লক্ষাধিক টাকা আত্মসাৎ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ | ৬:৩২ অপরাহ্ণ

সিলেটের রাজনগরে ফ্রান্স পাঠানোর কথা বলে লক্ষাধিক টাকা আত্মসাৎ
apps

রাজনগরে এক নারীকে বিদেশে পাঠানোর নামে মানব পাচারকারী চক্র ১২ লক্ষ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। ফ্রান্স পাঠানোর নামে মানবপাচারকারী কয়েস আহমদ (৫০) ওই নারীকে ভারতে নিয়ে দালালদের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছেন। এ ব্যাপারে সিলেট মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ভুক্তভোগীর দেবর রায়হান আহমদ। কয়েস উপজেলা উত্তরভাগ ইউনিয়নের কান্দিগাও গ্রামের মৃত আবুল বাশারের ছেলে।

পারিবারিক ও মামলা সূত্রে জানা যায়, রাজনগরের কান্দিগাঁও গ্রামের লিয়াকত মিয়ার মেয়ে খাদিজা আক্তার সীমার (২৩) বিয়ে হয় পার্শ্ববর্তী সিলেটের বালাগঞ্জ উপজেলার হরিশ্যাম গ্রামের ফ্রান্স প্রবাসী বুরহান উদ্দিনের সাথে। স্ত্রীকে ফ্রান্স নিতে দেরি হওয়ায় কান্দিগাঁও গ্রামের মানবপাচারকারী কয়েস আহমদ খাদিজাকে সহজে ফ্রান্স পাঠিয়ে দেয়ার প্রস্তাব দেয়। প্রস্তাবে সম্মত হবার পর তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা নেয় কয়েস। পরে তাকে ফ্রান্সের ভিসা দেয়ার কথা বলে ভারতে নিয়ে যায়।

খাদিজা তার দেবরকে নিয়ে ভারতে যান। সেখানে দালাল চক্র তার পাসপোর্ট হাতিয়ে নিয়ে তাকে জিম্মি করে আবারো কয়েক দফা টাকা নেয়। পরে ভারতীয় দালালরা তাকে ভারতের বিভিন্ন এয়ারপোর্টে নিয়ে যায়। এক পর্যায়ে পাঞ্জাবের অমৃতসর এয়ারপোর্টে নিয়ে ফ্লাইট দেওয়ার চেষ্টা করে। এ সময় ওই এয়ারপোর্টে ইমিগ্রেশন সেকশনে গেলে ভিসা জাল বলে খাদিজাকে আটক করে। সেখানে তার পাঁচ আঙ্গুলের ছাপ নিয়ে তাকে ভারতে প্রবেশ নিষিদ্ধ করে দেশে ফিরিয়ে দেয়। এ ঘটনায় খাদিজার দেবর সম্প্রতি রায়হান আহমদ বাদী হয়ে কয়েস আহমদের বিরুদ্ধে সিলেট মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলাটি তদন্তের জন্য পিবিআই এর নিকট হস্তান্তর করেছে। পিবিআইর তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান, তদন্তের কাজ চলছে।

Development by: webnewsdesign.com