দলীয় কোন্দল ও গঠনতন্ত্র মোতাবেক দল পরিচালনায় ব্যর্থতার কারণেই সিরাজগঞ্জ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আনা হয়েছে বলে মনে করছেন জেলা আওয়ামী লীগের নেতারা। রোববার কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সভাপতি আবদুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপিকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়। এদিকে দলের শৃঙ্খলা ফিরিয়ে এনে দলকে সুসংগঠিত করতে কাজ করার প্রতিশ্রুতি দেন নতুন দায়িত্ব পাওয়া দুই নেতা।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাতকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে সহসভাপতি কে. এম. হোসেন আলী হাসানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ তালুকদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। এ পরিবর্তনকে স্বাগত জানিয়ে দলীয় কার্যালয়ে ভিড় করেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। দায়িত্বপ্রাপ্ত দুই অভিভাবককে ফুল দিয়ে বরণ করে নেন তারা।
২০১৫ সালে জেলা আওয়ামী লীগের সবশেষ কাউন্সিলে সভাপতি হিসেবে আবদুল লতিফ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া নির্বাচিত হন। কিন্তু ২০১৬ সালে সাধারণ সম্পাদকের মৃত্যুর পর সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাতকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
এরপর থেকেই দলের মধ্যে দেখা দেয় অভ্যন্তরীণ কোন্দল বলে অভিযোগ নেতাকর্মীদের। এরই জেরে ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় হত্যাসহ সদর ও বেলকুচি উপজেলায় একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে বলে মনে করেন জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতারা।
এদিকে দলের শৃঙ্খলা ফিরিয়ে এনে কোন্দল নিরসন করে দলকে সুসংগঠিত করতে কাজ করবেন বলে জানান দায়িত্ব পাওয়া দুই নেতা সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে. এম. হোসেন আলী হাসান ও দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার।
রোববার দুপুরে কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা আওয়ামী লীগের পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত নতুন ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।
Development by: webnewsdesign.com