সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ১০:১৯ অপরাহ্ণ

সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
apps

চার জেলায় সড়ক দুর্ঘটনায় শনিবার ১৫ জন নিহত হয়েছেন। এরমধ্যে সাতসকালেই কুমিল্লার দাউদকান্দিতে একটি পিকনিকের বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় মাসুদ রানা ওরফে জীবন (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং রাজশাহীতে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে প্রাইভেটকার দুর্ঘটনায় সাতজন নিহত হন।

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে একটি পিকনিকের বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে ১৫ জন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার জিংলাতলী ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, খাদিজা ভিআইপি পরিবহনের একটি বাসে গত বৃহস্পতিবার আনন্দ ভ্রমণে কক্সবাজারে যায় ঢাকার সদরঘাট বোরকা ব্যবসায়ী সমিতি। শুক্রবার রাতে সেখান থেকে  ফিরছিলেন ভ্রমণকারীরা।

শনিবার সকাল ৭টার দিকে তাদের বহনকারী বাসটি কুমিল্লার দাউদকান্দির জিংলাতলী ইউনিয়ন পরিষদের সামনে রাস্তা পার হওয়া এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি। একপর্যায়ে তা সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে তিনজন নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরো ১৫ জন।

খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এরপর আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হয়। বাসটিতে ৩৮ জন যাত্রী ছিল।

দাউকান্দ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একজন পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় মাসুদ রানা ওরফে জীবন (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান গ্রামের সফিকুল ইসলামের ছেলে। মোবাইল ব্যাংকিং বিকাশের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন তিনি। পেশাগত দায়িত্ব পালনের জন্যই সকালে তিনি বাড়ি থেকে বের হন।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা জানান, মাসুদ রানা মোটরসাইকেল চালিয়ে পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। পেছন থেকে নীলাচল পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নীলাচল পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

সাতক্ষীরা: সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার সকালে তালা উপজেলার বেইলি ব্রীজের পাশে ও দুপুরে সাতক্ষীরা শহরের এসপি বাংলোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তালা উপজেলার তেঘরিয়া গ্রামের কৃষ্ণ দাসের ছেলে গনেশ দাস (৪২) ও সাতক্ষীরা সদরের পরানদহ গ্রামের দুল্লাপ রহমানের ছেলে গোলাপ রহমান (৪৫)।

স্থানীয়রা জানায়, গনেশ দাস বাড়ি থেকে গরু নিয়ে বিলে কাজ করতে যাওয়ার সময় তালা উপজেলার বালিয়া বেইলি ব্রীজের পাশে পেছন থেকে একটি ইট বোঝাই ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার সাথে থাকা গরুটি ঘটনাস্থলে মারা যায়। স্থানয়ীরা গনেশকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ইট বোঝাই ট্রলিটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে সাতক্ষীরা শহরের এসপি বাংলার সামনে খুলনাগামী বাসের চাপায় শ্রমিক গোলাপ সরদার ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কাদিপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা প্রাইভেটকারযোগে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।

নিহতরা হলেন- রাজশাহী নগরীর দেবিশিংপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মোশাব্বের আলী (৪০), তার স্ত্রী হাসনারা বেগম (৫৩), তাদের শিশুকন্যা মোশরেফা (৮), চাঁপাইনবাবগঞ্জের চরচাকলা দেবীনগর এলাকার আলী মুর্তজার মেয়ে আশিয়া খাতুন (৩০), আশিয়ার চার মাসের শিশু আদিব আল হাসান ও শিশুকন্যা রাফিয়া (৩) এবং প্রাইভেটকার চালক নগরীর মেহেরচন্ডি এলাকার মাহবুবুর রহমান (৩৫)।

স্থানীয় সূত্র জানায়, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাদিপুর নামক স্থানে বিয়ের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন আর হাসপাতালে নেয়ার পথে চারজনের মৃত্যু হয়।

গোদাগাড়ী মডেল থানা পুলিশের ওসি খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতরা রাজশাহী থেকে প্রাইভেটকারযোগে গোদাগাড়ীতে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে পথে চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনার শিকার হন তারা। নিহত সাতজনের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রয়েছে।

Development by: webnewsdesign.com