সামান্য মূল্য বৃদ্ধিতে জনগণের ভোগান্তি হবে না: কাদের

শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ৮:২৩ অপরাহ্ণ

সামান্য মূল্য বৃদ্ধিতে জনগণের ভোগান্তি হবে না: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
apps

বিদ্যুৎ-পানির সামান্য মূল্য বৃদ্ধিতে জনগণের ভোগান্তি হবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উৎপাদনের খরচ সমন্বয়ের জন্য পানির দাম বৃদ্ধি করা হয়েছে।

শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই কিছুটা দাম বাড়ানো হয়েছে। কারণ সরকার বিদ্যুতে যেমন ভর্তুকি দিচ্ছে পানিতেও সেরকম ভর্তুকি দেয়া লাগছে।

তিনি বলেন, মুজিব বর্ষে আমরা শতভাগ বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে চাই। প্রত্যেক ঘরে আমরা বিদ্যুতের আলো জ্বালাতে চাই। সামনে গরমের সিজন, লোকজন যেন কষ্ট না পায় সে জন্য আমরা বিদ্যুৎ ব্যবস্থা নিরবচ্ছিন্ন করতে চাই। একটু কষ্ট হলেও জনগণ এর সুবিধা পাবে।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে আদালতের বিরুদ্ধে বিএনপি অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কার বিরুদ্ধে বিক্ষোভ করছে? তারা বিক্ষোভ করছে আদালতের বিরুদ্ধে। এ বিক্ষোভ কোন রাজনৈতিক নেতাদের বা দলের বিরুদ্ধে নয়। আদালত বেগম খালেদা জিয়াকে জামিন দেয়নি বলেই তারা এ কর্মসূচি পালন করছে। এটা আদালতের বিরুদ্ধে অঘোষিত একটা কর্মসূচি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শুধু পাপিয়া নয়, অপকর্ম, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের সঙ্গে যারাই জড়িত তারা নজরদারিতে আছেন। এ ছাড়া পাপিয়াদের পেছনে যারা আছেন তারাও নজরদারির বাইরে নয়। টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হলে পদ্মা সেতু নির্মাণকাজে কিছুটা সমস্যা হতে পারে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, প্রায় এক হাজারের মতো চীনের অধিবাসী পদ্মা সেতুতে কাজ করে। এখান থেকে ১৫০ জন ছুটিতে দেশে গেছেন। যদি দুই মাসের মধ্যে করোনাভাইরাসের কোনো উন্নতি না হয় তাহলে পদ্মা সেতুর কাজে সামান্য বিঘ্ন ঘটবে।

তিনি বলেন, পদ্মা সেতুর কাজ থেমে থাকবে না, কয়েক দিন আগেও ২৫ তম স্প্যান বসানো হয়েছে। আগামী সপ্তাহে আরেকটি স্প্যান বসার কথা রয়েছে। তারা যদি ছুটি থেকে না আসতে পারে তাহলে কাজের কিছুটা সমস্যা হতে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

 

 

 

 

 

Development by: webnewsdesign.com