সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাযা সম্পন্ন

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ৩:০৪ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাযা সম্পন্ন
apps

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাযা নামাজ রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে আয়োজিত এই জানাযায় বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের লক্ষ লক্ষ মানুষ অংশ নিয়ে প্রিয় নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান।

ভোর থেকেই সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া এভিনিউ ঘিরে মানুষের ঢল নামতে থাকে। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ জানাযায় অংশ নিতে জড়ো হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ প্লাজা ময়দান ও আশপাশের পুরো এলাকা শোকাহত মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

জানাযা নামাজে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পেশাজীবী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। নারী-পুরুষ নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়।

জানাযা চলাকালে পুরো এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শোক ও শ্রদ্ধার আবহে নীরব হয়ে পড়ে মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবন এলাকা।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। জানাযা ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাযায় মানুষের বিপুল উপস্থিতি তাঁর রাজনৈতিক প্রভাব ও জনপ্রিয়তারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Development by: webnewsdesign.com