আপাতত শ্রীলঙ্কা সফর হচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। প্রধানমন্ত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে বিসিবিতে গিয়ে বোর্ড কর্তাদের সঙ্গে অনির্ধারিত বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি। বিসিবি সভাপতি জানান, আপাতত শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ। নতুন সময়সূচির জন্য লঙ্কান বোর্ডকে চিঠি দিয়েছে বিসিবি। সোমবার বিকেলে বিসিবিতে সফর স্থগিতেরআনুষ্ঠানিক ঘোষণা দেবেন নাজমুল হাসান পাপন।
সফরের সূচি অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিমান ধরার কথা ছিল তামিম বাহিনীর। কিন্তু কোয়ারেন্টিন ইস্যুতে দেয়া কঠিন শর্ত না মানায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।
আশা-নিরাশার দোলাচলের মধ্যে শ্রীলঙ্কা সফরের নতুন সম্ভাব্য তারিখ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
গত ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আকরাম খান জানিয়েছিলেন, সব ঠিক থাকলে অক্টোবরের ৭ থেকে ১০ তারিখের মধ্যে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ।
এমন আশা প্রকাশের বিষয়ে তিনি কারণ দেখিয়েছিলেন, শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ (এলপিএল) পিছিয়ে যাচ্ছে। কাজেই ওদের হাতেও সময় আছে। আর লঙ্কান বোর্ড সফর সফল করতে বেশ আগ্রহী। তাই পিছিয়ে গেলও সফরটি হচ্ছে।
আকরাম খান বলেছিলেন, ‘আমরা সিরিজটি খেলার জন্য মরিয়া নই। এখন আমাদের হাতে সময় আছে, তাদের হাতেও আছে। তারাই বারবার অনুরোধ করে আমাদের বলছে যে ওদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে বোঝাতে পারবে। এমন নয় যে ওরা চাচ্ছে না, আমরা জোর করে যাচ্ছি। মরিয়া হলে তো তাদের শর্ত মেনেই যেতে পারতাম। আমাদের তাড়াহুড়ো নেই।’
এখন শুধু শ্রীলঙ্কা থেকে সবুজ সংকেতের অপেক্ষায় আছেন তারা। আকরাম খানের এমন বক্তব্যের দুদিন পরই বিসিবি সভাপতি জানালেন, আপাতত সফর হচ্ছে না।
Development by: webnewsdesign.com