শীলার চরিত্রে প্রিয়াঙ্কা

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ১০:০৭ অপরাহ্ণ

শীলার চরিত্রে প্রিয়াঙ্কা
apps

আমাজন স্টুডিওয়ের প্রযোজনায় নির্মিত হচ্ছে মা আনন্দ শীলার বায়োপিক। এতে শীলার চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবিটি নির্মাণ করছেন ব্যারি লেভিনস। তবে হলিউড রিপোর্টারের তথ্য মতে, এ ছবিটির সহপ্রযোজক হিসেবেও থাকছেন সাবেক মিস ইন্ডিয়া। মূলত আধ্যাত্মিক গুরু বলে পরিচিত ওশোর ব্যক্তিগত সচিব ছিলেন মা আনন্দ শীলা।

তার জীবনের ওপরই নির্মিত হবে এই ছবিটি। নেটফ্লিক্সে একটি ডকুমেন্টরি ‘ওয়াল্ড ওয়াইল্ড কান্ট্রির মাধ্যমে প্রথমবার পর্দায় উঠে আসে মা আনন্দ শীলার গল্প। ১৯৮১ থেকে ১৯৮৫ আধ্যাত্মিক গুরু রজনীশ ওরফে ওশোর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেন মা আনন্দ শীলা। তিনি রজনীশপুরম আশ্রমের দায়িত্বেও ছিলেন। মার্কিন মুলুকে ছিল রজনীশের এই আশ্রম।

এক সময় এই শীলার নেতৃত্বে রজনীশের অনুগামীরা মার্কিন মুলুকের সালাদ বার ও রেস্তোরাঁয় বিষ মেশানোর ঘটনায় জড়িয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়েন ৭৫০ জন মানুষ। ১৯৮৪ সালে ওরেগান প্রদেশে বায়োটেরর আক্রমণের জন্য দোষী প্রমাণিত হন শীলা। যেটা মার্কিন ইতিহাসে অন্যতম বড় আক্রমণ ছিল। এই ঘটনায় দোষী প্রমাণিত হয়েছিলেন শীলা, জেল হয়েছিল তার।

পরবর্তীকালে সব কিছু গুটিয়ে দেশে ফিরে আসেন রজনীশ। তবে জেল থেকে বের হওয়ার পর শীলাই আবার ফাঁস করেছিলেন নানান তথ্য। সেই শীলার ভূমিকাতেই দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। প্রিয়াঙ্কা অবশ্য আগেই এলেন ডিজেনার্সের টক শোয়ে গিয়ে ‘ওয়াল্ড, ওয়াইল্ড কান্ট্রি’র বিষয় নিয়ে ছবি বানানোর কথা বলেছিলেন।

এই ছবিটি ছাড়াও প্রিয়াঙ্কা চোপড়াকে রমিন বাহরানির ‘দ্য হোয়াইট টাইগার’, রবার্ট রডরিগেসের ‘উই ক্যান বি হিরোস’ এবং ম্যাট্রিক্সের আগামী ছবিতেও দেখা যাবে।

Development by: webnewsdesign.com