শাহবাজ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ২:৪৯ অপরাহ্ণ

শাহবাজ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ
apps

অভিনেত্রী তনুশ্রী দত্তের হাত ধরে ‘#মিটু’ আন্দোলন নিয়ে তোলপাড় শুরু হয় বলিউডে। বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে সরব হন বাঙালি এই অভিনেত্রী। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায় গোটা বলিউডপাড়ায়।

তনুশ্রী দত্তের পর রূপালি পর্দার সঙ্গে যুক্ত অনেকেই মুখ খুলতে শুরু করেছেন যৌন হেনস্থার অভিযোগ নিয়ে। এই আন্দোলনে উঠে আসছে রাজনীতিবিদ ও অভিনয়শিল্পীসহ অনেকের নাম।

 

নানা পাটেকরের পর এই তালিকায় যুক্ত হয়েছে জনপ্রিয় কোরিওগ্রাফার গণেশ আচার্য, পরিচালক সাজিদ খান, সুরকার অনু মালিকের নামও। এবার সেই তালিকায় যুক্ত হলো জনপ্রিয় অভিনেতা শাহবাজ খানের নাম।
যদিও রূপালি পর্দার সঙ্গে জড়িত কেউ শাহবাজ খানের বিরুদ্ধে মুখ খোলেননি। তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছে এক কিশোরীর পরিবার।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি মুম্বাইয়ের ওশিওয়াড়া থানায় শাহবাজ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং ৫০৯ ধারায় অভিয়োগ দায়ের করা হয়। এর পরপরই শাহবাজ খানকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত ওস্তাদ আমির খানের ছেলে শাহবাজ খান টেলিভিশন ও চলচ্চিত্রপাড়ায় একটি পরিচিত নাম। যুগ, নাগিন, আনারকলি, পৃথিবীরাজ চৌহানসহ একাধিক জনপ্রিয় মেগা সিরিয়ালে অভিনয় করেন তিনি।

এর পাশাপাশি এজেন্ট বিনোদ, বীর, খিলাড়ি, মেজর সাহাবসহ একাধিক সিনেমাতেও অভিনয় করতে দেখা গেছে শাহবাজ খানকে।

Development by: webnewsdesign.com