রায়হানের মৃত্যুর ঘটনা তদন্ত: যা জানালো পিবিআই

বুধবার, ১৪ অক্টোবর ২০২০ | ৮:২১ অপরাহ্ণ

রায়হানের মৃত্যুর ঘটনা তদন্ত: যা জানালো পিবিআই
apps

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান উদ্দিন আহমেদের মৃত্যুর ঘটনা তদন্ত করছে পিবিআই। বুধবার তদন্তের অংশ হিসেবে ফাঁড়ি পরিদর্শন করেছেন পিবিআই-এর এডিশনাল এসপি মোহাম্মদ খালেদুজ্জামান।
তিনি জানান, রায়হানের লাশ কবর থেকে তোলা হবে। সুষ্ঠু তদন্তের স্বার্থে পুনরায় ময়নাতদন্তের জন্য তার লাশ তোলার অনুমতি দিয়েছেন সিলেটের ডিসি।

এডিশনাল এসপি আরো জানান, পূর্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বাতেনের আবেদনের পরিপ্রেক্ষিতে ডিসি অনুমতি প্রদান করে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন। পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলে মৃত রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলনের ব্যাপারের সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) বাতেন পুনরায় ময়না তদন্তের জন্য রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের নিকট আবেদন করেন।

এদিকে বুধবার দুপুরে পিবিআইয়ের একটি দল সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যাওয়া রায়হান আহমদের মৃত্যুতে হওয়া হত্যা মামলার তদন্তে নামেন। পিবিআই কর্মকর্তারা বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে প্রবেশ করেন বেলা বারোটার দিকে।

এর আগে গতকাল মঙ্গলবার সকালে রায়হান আহমদের মারা যাওয়া ঘটনায় হওয়া মামলা পিবিআইতে স্থানান্তরের নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর। ওই রাতেই মামলার নথি আনুষ্ঠানিকভাবে পিবিআইতে হস্তান্তর মহানগর পুলিশ।

১১ অক্টোবর সকালে রায়হান আহমদ নামে সিলেট নগরের আখালিয়ার এক যুবক নিহত হন। পুলিশের পক্ষ থেকে প্রথমে জানানো হয়, ছিনতাইয়ের দায়ে নগরের কাষ্টঘর এলাকায় গণপিটুনিতে নিহত হন রায়হান।

অন্যদিকে তার পরিবারের দাবি, সিলেট মহানগর পুলিশের বন্দর বাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে প্রাণ হারায় রায়হান। এঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে একটি মামলা করেছেন।

Development by: webnewsdesign.com