একজন রূপান্তরকামী এবং তার সঙ্গী দুই মহিলার গাড়ি আটকে রাস্তায় শ্লীলতাহানি করার অভিযোগ উঠল কলকাতা পুলিশের এক অফিসারের বিরুদ্ধে। এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘটনার সময় তিনি উন্মত্ত অবস্থায় ছিলেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতেই বৌবাজার থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতারা। কলকাতা পুলিশ সূত্রের খবর, ওই আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে তাকে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ বৌবাজার থানা এলাকায় চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের উপর একটি ক্যাফের সামনে। পশ্চিমবঙ্গ রূপান্তরকামী উন্নয়ণ পর্ষদের এক সদস্য এবং আরও দুই মহিলা ওই ক্যাফেতে চা খেতে যান। সামনেই তাদের গাড়ি দাঁড়িয়ে ছিল।
সোমবার রাতে তারা ওই ক্যাফে থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় এক ব্যক্তি তাদের গাড়ি আটকান। বৌবাজার থানায় নির্যাতিতাদের করা লিখিত অভিযোগে বলা হয়েছে, ওই ব্যক্তি নিজেকে পুলিশকর্মী পরিচয় দেন।
নির্যাতিতাদের অভিযোগ, কেন তাদের গাড়ি আটকানো হল জানতে চাওয়ায়, ওই পুলিশকর্মী পরিচয় দেওয়া ব্যক্তি অসভ্য আচরণ শুরু করেন। এক নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, ওই ব্যক্তি গাড়ির সামনে অভব্যতা করার পাশাপাশি গাড়ির দরজা খুলে দুই মহিলার হাত ধরে নামানোর চেষ্টা করেন এবং শ্লীলতাহানি করেন।
নির্যাতিতারা গাড়ি থেকে ওই ব্যক্তির ছবিও তোলেন এবং ১০০ ডায়াল করে পুলিশে খবর দেন। অভিযোগকারিণীদের কথায়,‘‘পুলিশ ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে স্যার বলে সম্বোধন করায় আমরা বুঝতে পারি সত্যি সে পুলিশ।
কলকাতা পুলিশের এক কর্তা জানিয়েছেন, নির্যাতিতারা যার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিক। বৌবাজার থানার উপরেই তার কোয়ার্টার। তদন্তকারীদের দাবি, ওই আধিকারিক একটি গণ্ডগোলে জড়িয়ে পড়েছিলেন তা ঠিক। তবে অভিযোগকারিণীদের সঙ্গে তার বক্তব্যের অনেক ফারাক রয়েছে বলে দাবি তদন্তকারীদের।
Development by: webnewsdesign.com