রাজশাহীতে ফের আগুনে পুড়ল তুলার গুদাম

মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১ | ৪:৩৪ অপরাহ্ণ

রাজশাহীতে ফের আগুনে পুড়ল তুলার গুদাম
apps

রাজশাহীতে ফের আগুনে একটি তুলার গুদাম পুড়ে গেছে। (৩০ মার্চ) মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর গণকপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বন্ধ গুদামে ধোয়া দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে।

জানা যায়, ‘মনু এন্টার প্রাইজ’ নামের একটি দোকানের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মালিকের নাম আজিম উদ্দিন মনু। গণকপাড়ায় মনুর দোকানে লেপ, তোষক, জাজিম, বালিশ ইত্যাদি তৈরি করা হয়। দোকানের পেছন দিকে কয়েকটি বাড়ির পর মনুর তুলার গুদাম। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার ফলে কিছু তুলা রক্ষা করেছে। আর কিছু তুলা আগুনে পুড়ে গেছে।

গুদাম মালিক আজিম উদ্দিন মনু বলেন, গুদামে বিদ্যুৎ নেই। তাই শর্টসার্কিটে আগুন লাগেনি। গুদামের বাইরে থেকে তালাও দেয়া ছিল। কীভাবে আগুন লেগেছে তা তিনি বুঝতে পারছেন না। গুদামে প্রায় আড়াই লাখ টাকার তুলা, নারিকেলের ছোবড়া ও তোষক ছিল বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহীর সহকারী পরিচালক জাকির হোসেন জানান, প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তারা কিছু তুলা আগুনের হাত থেকে রক্ষা করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার কাজ চলছে। কীভাবে আগুন লেগেছিল তা তদন্তের পর বলা যাবে।

এর আগে গত ২৪ মার্চ একই এলাকায় আরেকটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-৩০

Development by: webnewsdesign.com