মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরবাইক আরোহী নিহত

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ | ৪:০৮ অপরাহ্ণ

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরবাইক আরোহী নিহত
apps

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আপন দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের তেলিবিল তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তেলিবিল তালতলা গ্রামের সুলতান মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৬০) এবং সুবহান মিয়ার ছেলে জালাল আহমদ (৪২)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, ইউনিয়নের বটতলা বাজার থেকে মোটরসাইকেলযোগে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে তালতলা এলাকায় পৌঁছালে রাস্তার ওপর ধান মাড়াই করার জন্য রাখা সেখানে ধানের স্তূপ ছিলো। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাসচালিত টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গিয়াস ও জালাল দুজনই গুরুতর আহত হন।

শরীফপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. লোকমান মিয়া জানান, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সিলেটে যাওয়ার পথে গিয়াস উদ্দিন মারা যান। পরে রাত ৮টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর জালাল আহমদকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়েছি। বর্তমানে তাদের মরদেহ সিলেট ওসমানী হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

Development by: webnewsdesign.com