মোটরসাইকেলের সাথে সংঘর্ষে চলন্ত বাসে আগুন, নিহত ২০

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ | ৩:১৭ অপরাহ্ণ

মোটরসাইকেলের সাথে সংঘর্ষে চলন্ত বাসে আগুন, নিহত ২০
পুড়ে ছাই হয়ে যাওয়া বাস | সংগৃহীত
apps

ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার কাল্লুর মণ্ডলের চিন্নাতেকুর গ্রামের কাছে শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে একটি বাসে আগুন লেগে ২০ জন যাত্রীর নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরো ১২ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে ভোর সাড়ে ৩টার দিকে।

কাবেরী ট্রাভেলসের বাসটি হায়দ্রাবাদ থেকে প্রায় ৪৪ জন যাত্রী নিয়ে বেঙ্গালুরু যাচ্ছিল। বাসটি কার্নুল শহরের উপকণ্ঠে ৪৪ নম্বর জাতীয় সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এরপরই এতে আগুন ধরে যায়।

কুর্নুল জেলা কালেক্টর ড. এ সিরির মতে, ৪১ জন যাত্রীর মধ্যে ২১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। নিহত ২০ জনের মধ্যে এখন পর্যন্ত ১১ জনের লাশ শনাক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলটি বাসের নিচে আটকা পড়ে এবং জ্বালানি ট্যাঙ্কে ধাক্কা খায়।

ফলে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণ ঘটে এবং আগুন দ্রুত বাসটিতে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় বেশিভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন লাগায় কয়েকজন যাত্রী ঘুম থেকে উঠে জানালা ভেঙে লাফিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন।

তবে আগুন কয়েক মিনিটের মধ্যেই পুরো বাসটিকে গ্রাস করে ফেললে অনেকেই ভেতরে আটকা পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যাওয়ার আগে তারা সাহায্যের জন্য চিৎকার শুনতে পান।

দমকল বাহিনীর গাড়ি আসার আগেই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের উদ্ধারের চেষ্টা করেন। কার্নুল থেকে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চারটি দমকল ইঞ্জিন মোতায়েন করে। কিন্তু ততক্ষণে বাসটি পুড়ে ছাই হয়ে যায়। উদ্ধারকারী দল আহত যাত্রীদের চিকিৎসার জন্য কুর্নুল সরকারি জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করেছে।

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, যাত্রীদের বেশিভাগই হায়দ্রাবাদের বাসিন্দা। দুর্ঘটনার পরপরই বাসচালকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে। পুলিশ তাদের খুঁজে বের করার জন্য তল্লাশি শুরু করেছে এবং একটি মামলা দায়ের করেছে।

খবর : হিন্দুস্তান টাইমস

Development by: webnewsdesign.com