গাজীপুর মহানগরীর টঙ্গীতে ৫৬নং ওয়ার্ড মধুমিতা এলাকায় পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম এম নাসির উদ্দিনের বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর করেছে একদল দুর্বৃত্ত।
শনিবার ভোরে গোলাগুলির ঘটনাটি ঘটেছে। এসময় দুর্বৃত্তরা বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। বিকেলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের নবগঠিত ওয়ার্ড কমিটির আনন্দ মিছিল হবার কথা ছিলো। বিশেষ কারণবশত তা স্থগিত করা হয়েছে। তবে নাসির মহানগর নেতৃবৃন্দের নির্দেশে গত রাতে পূর্ব থানার অর্ন্তগত ওর্য়াড নেতৃবৃন্দকে নিয়ে তার অফিসে প্রস্তুতিমূলক আলোচনা করেছেন। টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়রি (ন-১১৩০) করা হয়েছে।
পাশের ১০ তলা ভবনের বাসিন্দা মোঃ কামরুল হাসান জানান, পর পর কয়েক বার বিকট শব্দে ঘুম ভাঙলে তিনি বেলকনিতে দাড়ান। তিনি দেখতে পান একটি খালি পিকাপে কয়েকজন যুবক রেনেসা স্কুলের সামনে দাড়ানো। সেসময় সড়কে দাড়ানো একজন ঢিল ছুড়ে ভবনের কাচ ভাঙচুর করে। ওই ভবনের দাড়োয়ান মাহমুদুল হাসান এবং সামনের দোকানে ঘুমিয়ে থাকা মমিনুর রহমানও বিকট শব্দ শুনতে পান।
এম এম নাসির উদ্দিন বলেন, তার সাথে কারো কোন শত্রুতা নেই। তবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কেহ এই ঘটনা ঘটিয়েছে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আশপাশের ভবনে ধারণকৃত সিসি ক্যামারার ফুটেজ পর্যবেক্ষণ করে বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।
Development by: webnewsdesign.com